Back to news

ফুটবল
নেইমারের নতুন চোট, দুই মাসের জন্য মাঠের বাইরে থাকার শঙ্কা
September 5, 2026
চোটের দুর্ভাগ্য যেন কিছুতেই পিছু ছাড়ছে না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের। ডান উরুর পেশিতে নতুন করে চোট পাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যেতে পারেন ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুস্থ হয়ে ফিরতে তাঁর চার থেকে আট সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। বুধবার (২ সেপ্টেম্বর) কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে পালমেইরাসের বিপক্ষে মাঠে নামে সান্তোস। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডান উরুতে ব্যথা অনুভব করেন নেইমার। অস্বস্তি নিয়েই প্রথমার্ধ শেষ করলেও বিরতির পর আর মাঠে নামেননি তিনি। পরদিন মেডিকেল পরীক্ষায় নেইমারের ডান উরুর রেকটাস ফেমোরিস পেশিতে টাইপ ২বি মাসকুলার ইনজুরিতে ধরা পড়ে। এই ধরনের চোটে পেশির কিছু তন্তু আংশিক ক্ষতিগ্রস্ত হয় এবং পেশি ও টেন্ডনের সংযোগস্থলে সমস্যা দেখা দেয়। সাধারণত এ ধরনের ইনজুরি থেকে ফিরতে কয়েক সপ্তাহ সময় প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ ম্যাচে নেইমারকে পাচ্ছে না সান্তোস,নেইমারের চোটে বড় ধাক্কা খেয়েছে সান্তোস। রোববার (৬ সেপ্টেম্বর) ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ইন্টারন্যাসিওলের বিপক্ষে ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। একই সঙ্গে ৯ ও ১৬ সেপ্টেম্বর অ্যাটলেটিকো মিনেইরোর বিপক্ষে কোপা সুদামেরিকানার কোয়ার্টার ফাইনালের দুই ম্যাচেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ মুহূর্তে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা সান্তোসের জন্য নেইমারের অনুপস্থিতি বড় উদ্বেগের কারণ। দলের আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসাকে ছাড়া গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে নামতে হবে তাদের। ২০২৫ সালের জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকেই বারবার চোটে পড়ছেন নেইমার। উরু, হাঁটু ও কাফের সমস্যায় একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। চলতি মৌসুমেও মে মাসে ডান কাফের চোটে পড়েছিলেন ব্রাজিলিয়ান তারকা। সেই চোটের কারণে জাতীয় দলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতেও তাঁর অংশগ্রহণ নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। এবার আবারও উরুর চোটে পড়ায় তাঁর ফিটনেস নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। পালমেইরাসের বিপক্ষে ম্যাচে শুধু নেইমারই নন, আরও দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে চোটের কারণে হারিয়েছে সান্তোস। ডিফেন্ডার লুকাস ভেরিসিমো ডান গোড়ালিতে মচকানোর চোটে পড়েছেন। আর আর্জেন্টাইন ফরোয়ার্ড আলভারো বারেয়াল বাম উরুর বাইসেপস ফেমোরিস পেশিতে টাইপ ২এ ইনজুরি-তে আক্রান্ত হয়েছেন। দুজনেরই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ সময়েই বড় ধাক্কা খেল সান্তোস। আর নেইমারের ক্ষেত্রে এবার মূল লক্ষ্য দ্রুত ফেরানো নয়, বরং পুরোপুরি সুস্থ করে তোলাই ক্লাবের প্রধান অগ্রাধিকার। প্রাইমটিভি/এআই