Back to news

ফুটবল
মেসির বিদায়ে আর্জেন্টাইন অধিনায়ক হওয়ার দৌড়ে ৩ ফুটবলার
September 6, 2026
লিওনেল মেসির অবসরের মধ্যে দিয়ে আর্জেন্টিনার ফুটবলে বড় এক অধ্যায়ের শেষ হয়েছে। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে আলবিসেলেস্তেদের অধিনায়ক ছিলেন তিনি। মেসির নেতৃত্বেই আর্জেন্টিনা পেয়েছে বিশ্বকাপসহ একের পর এক বড় সাফল্য। গত ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে তার বিদায়ের পর সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে—কার হাতে উঠতে যাচ্ছে ঐতিহ্যবাহী দলের অধিনায়কত্ব? স্প্যানিশ সংবাদমাধ্যম এএস ও আর্জেন্টাইন রেডিও ‘রেডিও মিত্রে’ জানিয়েছে, অধিনায়কত্বের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন ২৭ বছর বয়সী ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। জাতীয় দলের রক্ষণভাগের অন্যতম ভরসা ও ইংলিশ ক্লাব টটেনহামের অধিনায়ক হিসেবে অভিজ্ঞতা থাকা এই ডিফেন্ডারকেই অধিনায়ক হিসেবে পছন্দ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। অধিনায়কত্ব পাওয়ার দৌড়ে রোমেরোর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী হতে পারেন এমিলিয়ানো মার্তিনেজ। আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যের বড় অংশজুড়ে আছেন এই গোলরক্ষক। ২০২২ কাতার বিশ্বকাপে জিতেছেন সেরা গোলকিপারের পুরস্কার। যদিও ২০২৬ বিশ্বকাপে সেরাটা দেখাতে পারেননি। তবে ফাইনালে ভালো খেলেছেন। এই মৌসুমে চেলসিতে নাম লেখানো মার্তিনেজের পেনাল্টি ঠেকানোর অসাধারণ দক্ষতা আছে। একই সঙ্গে তিনি মানসিক লড়াইয়েও দক্ষ। সতীর্থদের রক্ষা করতে সামনে থেকে লড়াই করতে জানেন। এই তালিকায় থাকতে পারেন আরেক মার্তিনেজ-লাওতারো মার্তিনেজ। ইন্টার মিলানে কয়েক মৌসুম ধরে অধিনায়কত্ব করছেন এই ফরোয়ার্ড। গোল করার ক্ষমতা তাকে দলের পোস্টারবয়ও বানিয়েছে। গতকালও নাপোলির বিপক্ষে জোড়া গোল করে ইন্টার মিলানকে জিতিয়েছেন। মেসির সঙ্গে স্কালোনি যুগের প্রায় পুরো পথেই ছিলেন লাওতারো। তাই জাতীয় দলের নেতৃত্বের পরিবেশ তার অচেনা নয়। কোচ লিওনেল স্কালোনির আগামী ডিসেম্বরের পর পদে থাকা নিয়ে সংশয় থাকলেও, চলতি সেপ্টেম্বরের ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোর জন্য তাকেই স্কোয়াড ঘোষণা করতে হবে। চলতি সেপ্টেম্বরের বিরতিতে ঘরের মাঠে তিনটি ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা। প্রতিপক্ষ এখনো চূড়ান্ত না হলেও প্রীতি ম্যাচগুলোর দল ঘোষণার সময়ই নিশ্চিত হওয়া যাবে কে হচ্ছেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক। প্রাইমটিভি/এআই